| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিডিও ফাঁসকাণ্ডে ক্ষোভ ঝাড়লেন ঢাবি শিক্ষিকা মোনামি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৬ ইং | ১৬:৫৪:২৭:অপরাহ্ন  |  ৩১৮ বার পঠিত
ভিডিও ফাঁসকাণ্ডে ক্ষোভ ঝাড়লেন ঢাবি শিক্ষিকা মোনামি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি। যদিও নিজের নাচ নিয়ে কোনো ধরনের লজ্জা বা বিব্রতবোধ নেই জানিয়েছেন তিনি।

ঢাবি শিক্ষিকা মোনামি বলেছেন, ভাইয়ের বিশেষ দিনে আনন্দ প্রকাশ করতেই নেচেছিলেন। ভবিষ্যতে এমন সুযোগ এলে আবারও একইভাবে আনন্দে মাতবেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান শিক্ষিকা মোনামি।

পোস্টে তিনি লিখেছেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। অথচ সেসবের পরিবর্তে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তার নাচ।

ভিডিওটি কীভাবে ছড়িয়ে পড়েছে, সে বিষয়েও নিজের ধারণা তুলে ধরেন মোনামি। তিনি জানান, প্রথমে তার এক বন্ধু ভিডিওটি ফেসবুকে শুধু বন্ধুদের জন্য শেয়ার করেছিলেন। পরে তিনি নিজেও নিজের অ্যাকাউন্টে ভিডিওটি পুনরায় শেয়ার করেন। তার ধারণা ছিল, এটি তার বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু কেউ অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিডিওটি সংবাদমাধ্যমে সরবরাহ করেছেন বলে মনে করছেন তিনি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মোনামি বলেন, যিনি ভিডিওটি সংবাদমাধ্যমে দিয়েছেন, আল্লাহ যেন তাকে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল পথ দেখান।

নিজের নাচ নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, নান্দনিকভাবে নাচার জন্য তার বয়স কিংবা শারীরিক গঠন তথাকথিত আদর্শ না-ও হতে পারে। তবে একজন মানুষের নাচের ক্ষেত্রে বয়স কিংবা শারীরিক গঠন কেন অপরিহার্য মানদণ্ড হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

মোনামি আরও জানান, নাচের ভিডিও ছড়িয়ে পড়লে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ট্রল কিংবা সমালোচনার মুখে পড়তে পারেন, সে বিষয়ে তিনি আগে থেকেই অবগত ছিলেন। তবে এসব নিয়ে তিনি উদ্বিগ্ন নন।

তিনি বলেন, এটি তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার দীর্ঘদিনের। তাই এমন সুযোগ আবারও এলে তিনি একইভাবে নাচবেন।

উল্লেখ্য, নিজের আনন্দ প্রকাশের স্বাভাবিক অভিব্যক্তি হিসেবে নাচকে উল্লেখ করে মোনামি স্পষ্ট করেছেন, এ নিয়ে তার কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪