| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরব আমিরাতের উপকূলে দুটি তেলবাহী ট্যাংকারের সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৫ ইং | ১৩:৩৭:০২:অপরাহ্ন  |  ১৬৯৫১১১ বার পঠিত
আরব আমিরাতের উপকূলে দুটি তেলবাহী ট্যাংকারের সংঘর্ষ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’র উপকূলের কাছে ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে একটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লেগে যাওয়া ট্যাঙ্কার থেকে ২৪ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।

মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি জানায় ইউএই কোস্টগার্ড ও একটি শিপিং কোম্পানি। দুবাই থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষক প্রতিষ্ঠান অ্যাম্ব্রে জানায়, সংঘর্ষের ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ চলছে। তবে এ ঘটনাটি ‘নিরাপত্তাজনিত নয়’ বলে জানিয়েছে তারা।

শিপিং কোম্পানি ফ্রন্টলাইন জানায়, সংঘর্ষের পর তাদের মালিকানাধীন ‘ফ্রন্ট ইগল’ ট্যাংকারে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ট্যাংকারটির সঙ্গে ‘আডালিন’ নামের অপর একটি তেলবাহী জাহাজের সংঘর্ষ হয়। 

উপসাগরীয় ওমান উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে এ সংঘর্ষ ঘটেছে।

কোম্পানিটির এক বিবৃতিতে বলা হয়, আমরা সংঘর্ষের পর ‘আডালিন’ ট্যাংকারেও আগুন লাগার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো দূষণের তথ্য পাওয়া যায়নি।

সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায়  জানায়, ওমান উপসাগরে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের পর তেলবাহী জাহাজ আডালিন-এর ২৪ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় ঘটনাটি ঘটেছে। 

উল্লেখ্য, এই জলপথটি আরব উপদ্বীপ ও ইরানের মধ্যে অবস্থিত এবং বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪