| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়: বিএনপি

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৫ ইং | ১৫:২৪:৫৯:অপরাহ্ন  |  ১৬৬৫৯৬৩ বার পঠিত
পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়: বিএনপি
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না- এমন নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের  সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “আজকের আলোচনার প্রথম এজেন্ডা ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত। আমাদের ৩১ দফার মধ্যে রয়েছে- পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। তবে বিরতি দিয়ে কেউ আবার প্রধানমন্ত্রী হতে পারবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে।”

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত আলোচনাও গুরুত্বপূর্ণ অংশ ছিল। সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা, নির্বাচনের পদ্ধতি এবং সংসদের দ্বিকক্ষ প্রথা নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান পদ্ধতিই আমরা সমর্থন করছি।

তিনি জানান, বিএনপির প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন করবেন সংসদের সরাসরি নির্বাচিত সদস্যরা, উচ্চকক্ষের ১০০ জন সদস্য এবং সংরক্ষিত নারী আসনের ১০০ জন প্রতিনিধি। গোপন ভোটের মাধ্যমে নির্বাচন আয়োজনের কথাও বলেন তিনি।

৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, আমরা ৭০ অনুচ্ছেদ ওপেন করেছি, অর্থাৎ আমরা চাই সংসদ সদস্যরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। এর মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পথ তৈরি হবে।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান বিএনপির এ নেতা। তবে তিনি বলেন, প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আপার হাউজে ভোট হলে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এজন্য আমরা এই পদ্ধতিকে সমর্থন করি না।

সালাহউদ্দিন আহমদ জানান, গত তিনদিন ধরে ৭০ অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটি, নারী আসন, প্রধান বিচারপতির নিয়োগ, এনসিসি এবং রাষ্ট্রপতি নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে অনেক বিষয়ের এখনও সমাধান আসেনি।

তিনি আরও বলেন, “স্বৈরাচার রোধ করতে হলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেই শক্তিশালী করতে হবে। তবেই জাতীয় ঐকমত্য কমিশনের প্রয়োজন পড়বে না।”



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪