| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ০২:৩০:১৭:পূর্বাহ্ন  |  ৬৩৬ বার পঠিত
ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে পবিত্র ঈদুল আজহার দিন পারিবারিক কলহের জেরে মিমি বেগম (২৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রুবেল মণ্ডলের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার নারচি ইউনিয়নের গণকপাড়া উত্তর দেবেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিমি বেগম ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের স্ত্রী। কয়েক বছর আগে তাদের বিয়ে হয়। ঈদের দিন বেলা সাড়ে ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে রুবেল মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে মিমি বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করা হয় এবং অভিযুক্ত রুবেল মণ্ডলকে আটক করা হয়।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে আটক রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪