| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার পুনর্বিচার চায় ভারত, কীভাবে সম্ভব: চিফ প্রসিকিউটর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৬ ইং | ১৬:২৪:০৮:অপরাহ্ন  |  ৩৭৯ বার পঠিত
শেখ হাসিনার পুনর্বিচার চায় ভারত, কীভাবে সম্ভব: চিফ প্রসিকিউটর

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেছেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ নেই। ভারতের বিচারব্যবস্থায় একসময় পুনর্বিচারের বিধান থাকলেও দেশটি তা বাতিল করেছে। বাংলাদেশেও এ ধরনের পুনর্বিচারের কোনো বিধান নেই। তাহলে যে দেশে এই চর্চা নেই, সেই দেশ অন্য একটি দেশকে কীভাবে পুনর্বিচারের পরামর্শ দেয়?

রোববার (১৫ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, আমাদের দেশে এ ধরনের কার্যক্রমকে বলা হয় ‘ডিনেবো ট্রায়াল’, অর্থাৎ একই বিষয়ে আরেকবার বিচার। একবার বিচার সম্পন্ন হওয়ার পর একই অপরাধে পুনরায় বিচার করার বিষয়টিই এখানে বোঝানো হচ্ছে।

তিনি বলেন, একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে ডিনেবো ট্রায়ালের বিধান ছিল। তবে ভারতীয় বিচারব্যবস্থায় সেই বিধান বাতিল করা হয়েছে। বাংলাদেশেও এটি রহিত করা হয়েছে। পাকিস্তানেও বর্তমানে এ ধরনের বিধান নেই।

আমিনুল ইসলাম প্রশ্ন তুলে বলেন, এখন যে দেশে তারা এই চর্চা করে না, তারা আরেক দেশকে ডিনেবো ট্রায়ালের জন্য কীভাবে পরামর্শ দেয়। আমাদের এখানে ডিনেবো ট্রায়ালের কোনো পদ্ধতি নেই। তবে আপিলের বিধান আছে।

ভারতের পরামর্শের প্রসঙ্গ টেনে চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার বিষয়টি ভারত সরকার শুরু থেকেই জানত। বর্তমানে তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। বিচার কার্যক্রম চলাকালে কেন তাকে বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হতে কিংবা নির্ধারিত সময়ে আপিল করতে পরামর্শ দেওয়া হয়নি?

তিনি বলেন, তখন তাদের এই অতিথিকে কেন পরামর্শ করলেন না যে আপনি বাংলাদেশে যান, গিয়ে বিচারটা মোকাবিলা করেন বা কেন বললেন না যে আপনি সময়মতো গিয়ে আপিল করেন। তা না করে আপিলের সময় পার করলেন, বিচারের সময় পার করলেন, এখন এসে আবার আমাদের পরামর্শ করছেন যে আপনি ডিনেবো ট্রায়াল করেন, অর্থাৎ পুনর্বিচার করেন।

ভারতের এ ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করে আমিনুল ইসলাম বলেন, একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার আইনগত কোনো সুযোগ নেই। এ ধরনের বক্তব্যকে তারা উদ্ভট বলে মনে করেন।

শেখ হাসিনার আপিলের সুযোগ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, সরকার কিংবা চিফ প্রসিকিউটর কেউ ব্যক্তিগতভাবে তাকে আপিলের সুযোগ দিতে পারবেন না। এটি সম্পূর্ণ আইনের বিষয়। আইন যে সুযোগ রেখেছে, সেটিই কার্যকর হবে।

এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩-এর কথা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, এই আইন আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করেছিল। ২০১০ সালে তাদের সরকারই এ আইনের অধীনে বিচারপ্রক্রিয়া পরিচালনার জন্য বিধিমালা তৈরি করে। ২০২৪ সালের আগ পর্যন্ত এই আইন ও বিধিমালা অনুসরণ করেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার আপিলের বিধানে কোনো পরিবর্তন আনেনি। প্রচলিত আইন অনুযায়ীই বিচারপ্রক্রিয়া পরিচালিত হচ্ছে। আইনে আপিলের যে বিধান রয়েছে, সেটিই অনুসরণ করতে হবে।

আমিনুল ইসলাম বলেন, আইনে কোনো বিধান না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও পক্ষে নতুন করে সেই সুযোগ দেওয়ার এখতিয়ার নেই। ফলে শেখ হাসিনার আপিল কিংবা পুনর্বিচারের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের নয়, বরং প্রচলিত আইনি কাঠামোর মধ্যেই নির্ধারিত হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪