রিপোর্টার্স২৪ ডেস্ক: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখানে যোগ্যতা ও মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “এটি কোনো দাতব্য চিকিৎসালয় নয়। এখানে মেধাবী ও যোগ্য ব্যক্তিরাই শিক্ষক হিসেবে থাকবেন।”
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগ্রগতির কথা তুলে ধরে তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, নির্বাচনের আগেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উঠেছিল এবং তা দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে। ইতোমধ্যে উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে এবং কিছু আর্থিক বরাদ্দও পাওয়া গেছে। স্থায়ী ক্যাম্পাসের জন্য একাধিক স্থান পরিদর্শন করা হয়েছে বলেও জানান তিনি।
কৃষিজমি রক্ষার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, উন্নয়ন করতে গিয়ে কৃষিজমি নষ্ট করা যাবে না। বড় চিন্তা ও পরিকল্পনার মাধ্যমেই বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব।
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় মানেই বিশ্বমানের প্রতিষ্ঠান। তাই এটিকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে হবে, যাতে দেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে।”
স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, এটি ঠাকুরগাঁওয়ের গর্বের প্রতিষ্ঠান। ভবিষ্যতে এটি একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনি সংবাদকর্মীদের উদ্দেশে ইতিবাচক ও গঠনমূলক সংবাদ প্রচারের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
রিপোর্টার্স২৪/ঝুম