| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিলমারীতে বালু ব্যবসায়ীদের অবৈধ টোল ঘর ভেঙে দিল এলাকাবাসী

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ১৫:৫৫:৩৮:অপরাহ্ন  |  ৫৪৬ বার পঠিত
চিলমারীতে বালু ব্যবসায়ীদের অবৈধ টোল ঘর ভেঙে দিল এলাকাবাসী

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার অভিযোগে অভিযুক্ত একটি বালু সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন দপ্তরে লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ জনতা বালু ব্যবসায়ীদের তিনটি অবৈধ টোলঘর ভেঙে গুঁড়িয়ে দেন।

শনিবার (৩০ মে) দুপুরে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের ঘাট এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ। তিনি নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী রক্ষা কমিটির সভাপতি নিহারিকা শারমিন (দীপি), কার্যকরী সদস্য মো. শাহজালাল, প্রধান শিক্ষক রুহুল আমিন, খন্দকার বদরুল ইসলাম রাঞ্জু, আশিক ইকবাল ইশাত, রফিকুল ইসলাম রতন, আকতারা লিপি এবং ভুক্তভোগী রাবেয়া বেগম।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের ক্ষতি করছে। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী ফকিরের ঘাট এলাকায় স্থাপিত বালু ব্যবসায়ীদের তিনটি অবৈধ টোলঘর ভেঙে ফেলেন। এ সময় এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪