ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি এম.এ. মজিদ দলীয় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহ-সভাপতি আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক ফিরোজসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।
জেলা বিএনপির নেতারা জানান, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহ জেলায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম