ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. দবিরুল ইসলামের জানাজায় অংশ নিতে কারাগার থেকে সাত ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন তার ছেলে ও একই আসনের সাবেক সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম সুজন।
শনিবার (৩০ মে) দুপুরে দিনাজপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে কড়া নিরাপত্তার মধ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ডাঙ্গী বাজারে পৌঁছান তিনি। বাবার শেষ বিদায়ে অংশ নিতে তাকে এই সাময়িক মুক্তি দেওয়া হয়।
এদিকে বাবার জানাজায় অংশ নেওয়া সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন চব্বিশের পটবর্তনের পর থেকে কারাবন্দি রয়েছেন।
২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বিকেল ৪টায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১। প্রাথমিকভাবে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার করা হলেও পরে তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও হত্যাসহ একাধিক মামলা দায়ের হয়। তখন থেকে তিনি দিনাজপুর কারাগারে বন্দি রয়েছেন।
কারা ও পারিবারিক সূত্র জানায়, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত সময়সীমার মধ্যে মাজহারুল ইসলাম সুজনকে পুনরায় দিনাজপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।
পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন। তার মৃত্যুতে বালিয়াডাঙ্গীসহ পুরো ঠাকুরগাঁও জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব