| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইয়াবা কেনার টাকায় বিস্কুট খাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, নিহত ১

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ০১:০৩:১৪:পূর্বাহ্ন  |  ৬৮১ বার পঠিত
ইয়াবা কেনার টাকায় বিস্কুট খাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ মে) গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রায়হান ওই গ্রামের ছুটুন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। তবে ওই যুবক মাদক না কিনে টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় মাদকবিরোধী অবস্থানের কারণে পরিচিত স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি জানতে চাইলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সজীব মিয়ার পক্ষের লোকজন এবং অপর পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ ছড়িয়ে পড়ে।

রাত সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে রায়হান গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, মাদকসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রায়হানের মরদেহ হাসপাতালে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪