| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’ বলা ওসি প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ১৭:০৭:১১:অপরাহ্ন  |  ৮০০ বার পঠিত
‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’ বলা ওসি প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেমের একটি কথিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন।

শনিবার (৩০ মে) রাত ৮টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪ মিনিট ৪ সেকেন্ডের ওই অডিওতে থানার পুলিশ সদস্যদের উদ্দেশে আবুল হাশেমকে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। সেখানে তিনি পুলিশের চাকরিকে ‘এক ধরনের ব্যবসা’ বলে উল্লেখ করেন বলে দাবি করা হচ্ছে।

ভাইরাল হওয়া অডিওতে তাকে বলতে শোনা যায়, পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস। আমরা কেউ কাউকে ঠকাবো না, সবাই মিলেমিশে থাকবো। এছাড়া বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি ও খরচের বিষয়েও তাকে মন্তব্য করতে শোনা যায়।

অডিওতে আরও বলা হয়, সবাই সমন্বয় করে চলতে হবে। আমি আপনাদের ঠকাবো না। যার যে অধিকার, সে যেন সেটা পায়। কনস্টেবলদেরও যেন তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা না হয়। একই সঙ্গে তিনি কাউকে ‘চালাকি না করার’ আহ্বান জানিয়ে বর্তমান গণমাধ্যমের তৎপরতার বিষয়েও মন্তব্য করেন বলে অডিওতে শোনা যায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি আবুল হাশেম। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কীভাবে এই বক্তব্য এসেছে, আমি জানি না। এ ধরনের কথা আমি কোথাও বলিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আমিও বিষয়টি দেখেছি। আমার মনে হয় না, আমি এমন কোনো বক্তব্য দিয়েছি।

এদিকে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই প্রশাসন ব্যবস্থা নেয়। নেত্রকোনা জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ওসি আবুল হাশেমকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার আরও বলেন, আমি নিজে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নই। তাই আমার অধীনে কেউ অসৎ কর্মকাণ্ডে জড়িত থেকে পার পেয়ে যাবে, এমনটি কখনও হতে পারে না।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪