লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আল-আমিন ছৈয়াল নামের এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবু হানিফ।
এর আগে শনিবার (৩০ মে) রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত আল-আমিন ছৈয়াল সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে এবং ইউনিয়ন যুবদলের নেতা বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী প্রবাসে থাকায় অভিযুক্ত আল-আমিন দীর্ঘদিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তিনি ভুক্তভোগীর বাড়ির টিনের ছাদে ইট-পাটকেল নিক্ষেপ করতেন বলেও অভিযোগ রয়েছে। পরে ভুক্তভোগী প্রায় ৯ মাস আগে বাবার বাড়িতে চলে যান।
পরবর্তীতে রমজান মাসে তিনি শ্বশুরবাড়িতে ফিরে এলে আবারও তাকে কু-প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ মে) দিনগত রাতে প্রাকৃতিক প্রয়োজনে ঘর থেকে বের হলে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় বলা হয়।
এছাড়া ঘটনাটি কাউকে জানালে কিংবা মামলা করলে ভিকটিমের একমাত্র সন্তানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর ভাই বলেন, আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত আল-আমিন ছৈয়ালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই আবু হানিফ বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/বাবি