কুমিল্লা প্রতিনিধি: জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। শিশু হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের অভিযোগ করেন, বিভিন্ন অপরাধমূলক ঘটনার সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত থাকায় অনেক ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নিতে পারছে না।
তিনি বলেন, আমরা সংসদে বিষয়টি তুলে ধরব। পাশাপাশি সংসদের বাইরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কীভাবে আরও কার্যকর ও সচেতন ভূমিকা পালন করা যায়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
সরকারের কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এত দ্রুত কোনো সরকারকে ব্যর্থ বলতে চাই না। তবে বর্তমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে মানুষের কাছে তাদের ব্যর্থতা আরও স্পষ্ট হয়ে উঠবে। তখন জনগণই তাদের মূল্যায়ন করবে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক বিরোধের পরিবর্তে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
জামায়াতের নায়েবে আমির বলেন, আমি বিএনপি এবং সরকারপ্রধানের প্রতি আহ্বান জানাব, দ্রুত এসব সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হোক। রাজনৈতিক বিরোধ নয়, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।