রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। যদিও এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম এবং হামের উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৮ জনে।
সোমবার (১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৪৯৮ জন।
ফলে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮ জনে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৪ জন। অন্যদিকে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৭২ হাজার ৭০ জনে।
সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ছাড়িয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হামের প্রাদুর্ভাবের কারণে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৫৭ হাজার ৯০২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ হাজার ৭২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং আক্রান্ত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা অত্যন্ত জরুরি।
রিপোর্টার্স২৪/ঝুম