রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। যদিও এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে নতুন করে ১ হাজার ২১০ জন শিশু ও কিশোর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এত অল্প সময়ে আক্রান্তের এই সংখ্যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সতর্কবার্তা।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে আরও ৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ হাজার ১৪২ জন।
এদিকে মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫১১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকা গ্রহণ এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনাই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
রিপোর্টার্স২৪/ঝুম