বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই, কোনো করুণা বা কার্ডের সুবিধা চাই না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। আমরা শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চাই। নারী শ্রমিকদের প্রসূতিকালীন ছুটি ৪ মাস থেকে বৃদ্ধি করে ৬ মাস নির্ধারণ এবং এ ৬ মাসের ভাতা দিতে হবে। জাতীয় বাজেটে ১০ শতাংশ শ্রমিকদের জন্য বরাদ্দ রাখতে হবে।
তিনি শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শ্রমিক সংগঠনের নামে দখলদারিত্ব, চাঁদাবাজি, জুলুম-নির্যাতন সহ্য করা হবে না। যেকোনো মূল্যে এসব অনিয়ম-অত্যাচার প্রতিরোধ করা হবে। যারা এসব করবে, তারা জনরোষে পড়বে।
প্রধান অতিথি আরো বলেন, মানুষের তৈরি শ্রম আইনে শ্রমিকদের মুক্তি আসবে না। এ জন্য ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে হবে। তিনি প্রতিনিধিদের প্রতিটি এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগঠন গড়ে তোলার আহ্বান জানান।
সংগঠনের জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, নায়েবে আমির আব্দুল বাছেদ, মহানগরী সভাপতি আজগর আলী ও সেক্রেটারি আনোয়ারুল ইসলাম।
উক্ত সম্মেলনে জেলার ৮০টি ট্রেড ইউনিয়নের পুরুষ ও নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি একই স্থানে রাতে সংগঠনের মহানগরী শাখার আওতাধীন ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন। এখানে মহানগরীর ২১টি ওয়ার্ডের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/এসএন