ময়মনসিংহ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। শনিবার (৬ জুন) সকাল ১১টায় সিটি কর্পোরেশন কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন।
তিনি বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে এডিস মশার বিস্তার রোধে নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, টায়ার এবং যেখানে বৃষ্টির পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
রোকনুজ্জামান রোকন আরও বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। সামান্য অসচেতনতার কারণে এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি হয়। তাই বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ছাদে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিক ও সিটি কর্পোরেশনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি জানান, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত মশক নিধন, লার্ভা ধ্বংস এবং বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী দলের সহযোগিতায় প্রচারণা চালানো হচ্ছে।
কর্মসূচিতে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন সড়ক, ড্রেন, বাজার এলাকা ও জনসমাগমস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং নাগরিকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।