রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরে ঘুঘু পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরের তেরোখাদিয়া স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ নগরের রাজপাড়া থানার নতুন বিলশিমলা এলাকার বাসিন্দা মো. সাজুর ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম জানান, বৈদ্যুতিক খুঁটির ওপর থাকা ঘুঘু পাখির ছানা ধরতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয় কিশোর সাজ্জাদ। এতে সে খুঁটির সঙ্গে ঝুলে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তদন্তে তা নিশ্চিত হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।