| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী অপহরণ

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ১৯:৫১:৫৯:অপরাহ্ন  |  ২২১ বার পঠিত
প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী অপহরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) মাইক্রোবাসে তুলে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও ওই কিশোরীর কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় রোববার (৭ জুন) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর বাবা পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

এর আগে গত ২ জুন বিকেলে উপজেলার মধুপুর দাখিল মাদ্রাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন প্রধান আসামি মো. রিপন রাজ (২২)। তিনি অন্য উপজেলার বাসিন্দা হলেও ভুক্তভোগী পরিবারের গ্রামের এক আত্মীয়ের বাড়িতে যাতায়াতের সুবাদে কিশোরীর সঙ্গে পরিচয় হয়। বিষয়টি পরিবারকে জানানো হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে রিপনের পরিবারকে সতর্ক করা হয়। এরপর থেকেই তিনি ও তার সহযোগীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগ পরিবারের।

গত ২ জুন স্থানীয় একটি বাজারে শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। বিকেল পৌনে ৪টার দিকে মধুপুর দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে একটি কালো মাইক্রোবাসে থাকা কয়েকজন তার পথরোধ করে। এ সময় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর করে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ধস্তাধস্তির সময় সড়কের পাশে তার স্কুলব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন পথচারী।

মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে তাকে না পেয়ে ৩ জুন রুহিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অপহরণের বিষয়টি নিশ্চিত হয়ে ৫ জুন রাতে নিয়মিত মামলা দায়ের করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন, মো. সাইদুর রহমান, মো. আশাদ আলী, মো. রুহুল আমিন ও মোছা. তানিয়া আক্তার। মামলা দায়েরের পর আসামিপক্ষের কাছ থেকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, স্কুলছাত্রীকে দ্রুত উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪