| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রৌমারী সীমান্তে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ০৫:০৩:১৫:পূর্বাহ্ন  |  ১২৮ বার পঠিত
রৌমারী সীমান্তে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রোববার (৭ জুন) রাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের বগবান্ধা সীমান্তের ১০৬৯ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে পুশইনের চেষ্টা অব্যাহত ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

যাদুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগের রাতেও একই সীমান্তের সুদুরটিলা ক্যাম্পসংলগ্ন এলাকায় দুটি ট্রাকে করে বেশ কয়েকজনকে কাঁটাতারের কাছে নিয়ে আসে বিএসএফ সদস্যরা। এ সময় বিজিবি বিষয়টি টের পেয়ে সীমান্তে সতর্ক অবস্থান নেয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাও লাঠিসোটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হন। পরে বিজিবি ও এলাকাবাসীর অবস্থানের মুখে বিএসএফ পিছু হটে বলে দাবি স্থানীয়দের।

সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, ভারতের আসাম রাজ্যের বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুদের এনে সীমান্তবর্তী ক্যাম্পগুলোতে রাখা হচ্ছে। সুযোগ বুঝে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও তারা দাবি করেন।

ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, শনিবার রাতে সীমান্তের আলো নিভিয়ে কিছু মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। রোববার রাতেও প্রায় ৩০০ জনকে সীমান্ত এলাকায় এনে পুশইনের চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধীন খেওয়ারচর বিওপির ল্যান্স নায়েক সুমন আলী বলেন, সীমান্তের ওপারে লোকজন জড়ো করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। আমরা গ্রামবাসীদের সহযোগিতায় সতর্ক অবস্থানে রয়েছি। কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ হতে দেওয়া হবে না।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪