কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সাত ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে রাতেই তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। একই সময়ে বকবান্দা সীমান্ত দিয়েও আরও একজনকে পুশইনের চেষ্টা করা হলে মাইকিং করে তাকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায় বিজিবি।
সোমবার (৮ জুন) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন তৎপরতার বিরুদ্ধে বিজিবি ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা রাতভর অবস্থান নেন। তাদের সতর্ক অবস্থান ও প্রতিরোধের মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের স্বার্থে সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
রিপোর্টার্স২৪/মিতু