| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ১৬:১৭:০৮:অপরাহ্ন  |  ২০৬ বার পঠিত
রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙ্গামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলার নাগরিক সমাজ।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দীপেন দেওয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এসব উদ্যোগের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে তাঁকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানান তারা।

প্রাক্তন প্রধান শিক্ষক এস এম মঈনউদ্দীন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি বাঞ্চিতা চাকমা, জাক অ্যাস্থেটিক কাউন্সিলের সভাপতি শিশির চাকমা, সমাজকর্মী গৌরিকা চাকমা, মানবাধিকারকর্মী লুমা লুসাই, রাঙ্গামাটি আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. মাসুম এবং মারমা সংস্কৃতি সংস্থার সভাপতি মংসুই প্রু মারমাসহ অন্যরা।

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে দীপেন দেওয়ানের অবদান রয়েছে। তারা দাবি করেন, বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাঁর দায়িত্ব ছাড়ার ঘটনায় পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।

গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দীপেন দেওয়ান। এরপর থেকে রাঙ্গামাটিতে তাঁর পদত্যাগ প্রত্যাহার এবং পুনর্বহালের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপি জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে হস্তান্তর করেন। স্মারকলিপিতে দীপেন দেওয়ানের পদত্যাগপত্র বাতিল করে তাঁকে পুনরায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪