বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করে ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ৯১ বাংলাদেশি জেলে ও চারটি ফিশিং বোট দেশে ফিরেছে। বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের সমন্বয় এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের প্রত্যাবর্তন সম্ভব হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ৭ জুন বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জেলে ও চারটি ফিশিং বোট গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে সোমবার দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
ভারত থেকে ফিরে আসা অধিকাংশ জেলের বাড়ি বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে।
কোস্ট গার্ড স্টেশন (বিসিজিএস) মোংলার অধিনায়ক কমান্ডার শাহ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের কূটনৈতিক উদ্যোগের ফলেই জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি জানান, গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড চারটি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জেলেকে আটক করে। পরে তারা ভারতের বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন।
পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং দুই দেশের কোস্ট গার্ডের সমন্বয়ের মাধ্যমে জেলে ও ট্রলারগুলো ফেরত আনার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন জেলেরা। তারা জানান, জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় জলসীমায় প্রবেশ করায় তারা আটক হন।
রিপোর্টার্স২৪/ মিতু