চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর পৌরসভার সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এবং নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে চাটমোহর নাগরিক কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ইহাম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাসুম এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহমেদ।
এ সময় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস, ঠিকাদার শাহজাহান আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, চাটমোহর পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী রাফিউল বারী এবং উপসহকারী প্রকৌশলী আব্দুল আজিজ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পৌরসভার অর্থ আত্মসাৎ করছেন। সম্প্রতি ৩৭ লাখ ১৫ হাজার ৪২৭ টাকার একটি রাস্তার আরসিসি নির্মাণকাজের টেন্ডারে ই-টেন্ডার ও লটারির মাধ্যমে ইহাম কনস্ট্রাকশন নির্বাচিত হলেও প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া হয়নি।
তাদের দাবি, কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে অর্থ দাবি করা হয়। অর্থ না দেওয়ায় পূর্বের লটারি বাতিল করে পুনরায় লটারি অনুষ্ঠিত হয় এবং অন্য একজন ঠিকাদারকে কাজ দেওয়া হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইহাম কনস্ট্রাকশনকে কার্যাদেশ প্রদান এবং অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
এদিকে ঠিকাদার মো. রফিকুল ইসলাম জানান, কার্যাদেশ পাওয়ার জন্য তিনি পৌরসভার প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছিলেন। কিন্তু এরপরও পুনরায় লটারি করে অন্য ঠিকাদারকে নির্বাচিত করা হয়। তার দাবি, পূর্বের সিদ্ধান্ত বাতিলের কোনো লিখিত নোটিশ তিনি পাননি। এ কারণে তিনি আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
অভিযোগের বিষয়ে চাটমোহর পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী রাফিউল বারী বলেন, পূর্বে কোনো লটারি অনুষ্ঠিত হয়নি এবং কাউকে কোনো ওয়ার্ক অর্ডার বা ইউনিট লেটার দেওয়া হয়নি। একবারই লটারি হয়েছে। তার দাবি, ইহাম কনস্ট্রাকশনের কাগজপত্রে ত্রুটি থাকায় প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া সম্ভব হয়নি। এখানে কোনো অনিয়ম হয়নি বলেও তিনি দাবি করেন।
উল্লেখ্য, সম্প্রতি পৌরসভার আফ্রাতপাড়া মহল্লায় রিপনের বাড়ি থেকে হারুনের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণকাজের জন্য ৩৭ লাখ ১৫ হাজার ৪২৭ টাকার টেন্ডার আহ্বান করা হয়।
রিপোর্টার্স২৪/ মিতু