ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় এক কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সাবেক জনপ্রতিনিধি বেবী নাজনীন।
সোমবার(৮ জুন) দুপুরে উপজেলার কবিরপুরে অবস্থিত শৈলকুপা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী শিক্ষার্থী সুমাইয়া আক্তার জেমি সাংবাদিকদের জানান, তিনি শৈলকুপা সিটি কলেজের বিএ (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, কলেজে যাতায়াতের পথে একই এলাকার নাগিরাট গ্রামের বাসিন্দা হাফিজ মুন্সি (২৩) নামে এক বখাটে যুবক দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে তার বাবা আব্দুল কুদ্দুস মিয়া গত ২৩ মে অভিযুক্তের বাবা বিএনপি দলীয় আমিরুল মুন্সির কাছে অভিযোগ করেন।
তবে অভিযোগের প্রতিকার না হয়ে উল্টো তার বাবাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পরবর্তীতে ৩০ মে পূর্বপরিকল্পিতভাবে আমিরুল মুন্সি ও তার ছেলে হাফিজ মুন্সিসহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে জোরপূর্বক ঘরে প্রবেশ করে শিক্ষার্থীর শ্লীলতাহানি করা হয় বলেও দাবি করা হয়।
এছাড়া অভিযোগে বলা হয়, ঘটনার পর পুলিশি সহযোগিতায় শিক্ষার্থীর বাবার বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার পাল্টা অভিযোগ এনে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। একই সঙ্গে ঘটনা সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।
নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই শিক্ষার্থী। এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের নাগিরাট গ্রামের বাসিন্দা
রিপোর্টার্স২৪/ মিতু