চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ১০ নম্বর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে সড়ক নির্মাণকাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৮ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি) আনুষ্ঠানিকভাবে এ সড়ক নির্মাণকাজের উদ্বোধন করে। প্রাথমিক পর্যায়ে চারটি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কাজের উদ্বোধন উপলক্ষে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকার পূর্ব পাশের পাহাড়ি অঞ্চলে নির্মাণাধীন সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ২৬ ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ।
তিনি বলেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে। দুর্গম ও পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণে সেনাবাহিনীর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি জানান, পাহাড়ি ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চবিদ্যালয় পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হবে। এছাড়া আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত আরেকটি সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া আলীনগর থেকে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির পাশ দিয়ে একটি সড়ক চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সঙ্গে সংযুক্ত করা হবে। পাশাপাশি জঙ্গল সলিমপুরের অভ্যন্তরে আরও একটি সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে দেশের অন্যতম দুর্গম এলাকা হিসেবে পরিচিত। পাহাড় ও বনাঞ্চলবেষ্টিত এ জনপদে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ দখল এবং ভূমি বাণিজ্যের অভিযোগ রয়েছে।
চলতি বছরের ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় র্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন।
এরপর ৯ মার্চ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের প্রায় চার হাজার সদস্যের সমন্বয়ে যৌথবাহিনী এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। অভিযানের পর আলীনগরে যৌথবাহিনীর একটি ক্যাম্প স্থাপন করা হয়।
তবে গত ২৪ মে গভীর রাতে জঙ্গল সলিমপুরের আলীনগরে যৌথবাহিনীর একটি ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় র্যাব ও পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। হামলার আগে তারা নির্মাণাধীন একটি নিরাপত্তা ক্যাম্প বুলডোজার ও এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলে এবং যাতায়াতের সড়ক কেটে দেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রিপোর্টার্স২৪/ মিতু