তারাকান্দা প্রতিনিধি: ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলে যান গ্রাম আদালতে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের জন্য সহজলভ্য, দ্রুত এবং স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। তারাকান্দায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এতে সাধারণ মানুষ সহজেই স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার পাবে এবং আদালতের ওপর চাপও কমবে।
কর্মশালায় আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩ প্রকল্পের জেলা ম্যানেজার আব্দুল্লাহ আল মুজাহিদী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, তারাকান্দা থানার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসীম সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, ব্র্যাকের এসইএলপি কর্মসূচির কর্মকর্তা সায়মা সুলতানা, তথ্যসেবা কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আবুল কালাম, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সেবার পরিধি সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।