| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় জামিনে মুক্ত প্রধান শিক্ষিকার যোগদান, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ১৩:২০:৪৪:অপরাহ্ন  |  ৬১৪১ বার পঠিত
শার্শায় জামিনে মুক্ত প্রধান শিক্ষিকার যোগদান, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন জামিনে মুক্ত হয়ে বিদ্যালয়ে যোগদান করলে শিক্ষার্থীদের একাংশ ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারের পর গত ২৪ মে আদালত থেকে জামিনে মুক্তি পান প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন। তবে একই মামলার অপর অভিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারী ফাতেমা খাতুন এখনও কারাগারে রয়েছেন।

মঙ্গলবার সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে শিক্ষার্থীদের একটি অংশ ক্লাস বর্জন করে ক্ষোভ প্রকাশ করে। এতে বিদ্যালয় চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত একজন প্রধান শিক্ষিকাকে পুনরায় দায়িত্ব পালনের সুযোগ দেওয়া প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ও ভাবমূর্তির জন্য নেতিবাচক বার্তা বহন করে। তাদের দাবি, বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে বিরত রাখা উচিত।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন বলেন, বিদ্যালয়ে যোগদানে তার কোনো আইনি বাধা নেই। তিনি সকাল ৯টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হন এবং পরে শিক্ষার্থীদের একটি অংশকে উসকানি দিয়ে ক্লাস বর্জনের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন।

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম নুরুজ্জামান বলেন, মামলাটি আদালতে বিচারাধীন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আইনগতভাবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই।

উল্লেখ্য, গত ৯ মে পরীক্ষাকেন্দ্রে অনৈতিক সহায়তার অভিযোগে প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন ও কর্মচারী ফাতেমা খাতুনকে আটক করা হয়। পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে মামলা হলে তাদের কারাগারে পাঠানো হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪