টাঙ্গাইল প্রতিনিধি: শিক্ষার্থীদের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের উপ-পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল এবং বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান রুমেল বলেন, প্রতারণা, ভেজাল পণ্য বিক্রি এবং অতিরিক্ত মূল্য আদায়ের মতো ভোক্তা অধিকারবিরোধী অপরাধ দমনে আইনগত ব্যবস্থা রয়েছে। ক্ষতিগ্রস্ত ভোক্তারা লিখিত অভিযোগের মাধ্যমে প্রতিকার পাওয়ার পাশাপাশি জরিমানার অর্থের একটি অংশ পাওয়ার সুযোগও পান।
তিনি ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং ভোক্তা সুরক্ষায় তাদের ভূমিকার গুরুত্ব ব্যাখ্যা করেন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভোক্তা অধিকারবিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তারা হলেন শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইমন, ইভা ও আরাবী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন