তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ দূষণ রোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে পরিবেশবান্ধব ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি তহবিলের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে এসব ডাস্টবিন বিতরণ করা হয়।
ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, সরকারি দপ্তরগুলোকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে ডাস্টবিন ব্যবস্থাপনা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। ডাস্টবিনের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে পরিবেশ দূষণ অনেকাংশে রোধ করা সম্ভব হবে।
তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিতরণ করা ডাস্টবিনগুলো যেন যথাযথভাবে ব্যবহার করা হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে মোট ৩০টি পরিবেশবান্ধব ডাস্টবিন বিতরণ করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন