| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় চোরচক্রের তিন সদস্য আটক

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৭:০৭:৪৫:অপরাহ্ন  |  ২৬৪ বার পঠিত
মাগুরায় চোরচক্রের তিন সদস্য আটক

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলায় চুরির অভিযোগে সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার সকালে উপজেলার শতপাড়া গ্রাম থেকে একটি ছাগল চুরি করে পিকআপযোগে পালানোর সময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা তাদের পুলিশের কাছে সোপর্দ করেন। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (১১ জুন) সকালে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে শতপাড়া গ্রামের নিজাম মোল্লার বাড়ির পেছন থেকে নাজমুল নামে এক ব্যক্তির একটি ছাগল পিকআপে তুলে নেয় চোরচক্রের সদস্যরা। ঘটনাটি স্থানীয় এক ব্যক্তি দেখে ফেললে তিনি চিৎকার দেন। এ সময় অভিযুক্তরা দ্রুত পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে।

পরে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করার পর কাঠালবাড়ীয়া এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চারজন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তিনজনকে আটক করতে সক্ষম হন। অপর একজন পালিয়ে যায়।

আটকরা হলেন খুলনা সিটি করপোরেশনের আড়ংঘাটা এলাকার আজিজ গাজীর ছেলে হাছান গাজী (২৪), ডুমুরিয়া উপজেলার কাগমারী গ্রামের রাজ্জাক মোড়ালের ছেলে গোলাম মোড়ল (২৬) এবং একই উপজেলার বাদুরগাছা গ্রামের বাদশা গাজীর ছেলে আহাদ গাজী (২৬)।

খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে একটি ছাগল, একটি গরু, দুটি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং তিন টনের একটি পিকআপ উদ্ধার করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, আটক তিনজন সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪