কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বৃহস্পতিবার (১১ জুন) কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত আমজাদ দরজীকে গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ। গত ২৭ মে সকালে উপজেলার কান্দানিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। ঘটনার দিন সকালে অভিযুক্ত আমজাদ দরজী (৪০) কৌশলে ওই কিশোরীকে বাড়ির পাশে একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। কিশোরীটি চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্ত তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করেন। তবে শেষ পর্যন্ত এ চিৎকার থামানো যায়নি। মেয়ের চিৎকার শুনে মা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত আমজাদ দরজী তাকেও লাঞ্ছিত করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত কিশোরীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কিশোরির মা জানায়, এক বছর আগে তার স্বামীর মৃত্যুর পর থেকে তিনি তার দুই মেয়েকে নিয়ে অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় তিনি এবং তার প্রতিবন্ধী মেয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হয়েছে। অভিযুক্ত আমজাদকে গ্রেপ্তার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
রিপোর্টার্স/এসএন