নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সদর উপজেলার হাজীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র নির্দেশে অভিযানে নেতৃত্ব দেন নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, বেকারিটিতে কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রি করা হচ্ছে।
এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক রাসেল প্রসিকিউশন দাখিল করলে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ফ্যাক্টরি মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল জানান, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে র্যাব ও আনসার বাহিনীর একটি যৌথ দল সহযোগিতা প্রদান করে।
রিপোর্টার্স২৪/এসএন