| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচভুলাট গ্রামে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হাতুড়িপেটা

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ২০:৪১:০২:অপরাহ্ন  |  ১২৫৮ বার পঠিত
পাঁচভুলাট গ্রামে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হাতুড়িপেটা

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলাট গ্রামে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে কাজী বশির উদ্দিন (৪০) নামে এক বিএনপি কর্মীকে খুনের উদ্দেশ্যে হাতুড়িপেটা করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

কাজী বশির উদ্দিন ওই পাঁচভুলাট গ্রামের কাজী শামজুজ্জোহার ছেলে এবং দৈনিক ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি কাজী শাহজাহান সবুজের ভাই। তিনি একজন পল্লী চিকিৎসক ও বিএনপি কর্মী। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী।

বশির উদ্দিন জানান, বুধবার (১০ জুন) সন্ধ্যায় পাঁচভুলাট গ্রামে তার ব্যবসাপ্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় আনারুল, রাজুবদ্দী, সুজন ও রিপনসহ ৮-১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এসে তার ওষুধের দোকানে অতর্কিত হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে। পরে পরিবারের সদস্যরা তাকে দোকানসংলগ্ন বাড়িতে নিয়ে যান। তখন দুর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে তাদের জিম্মি করে রাখে। একই সঙ্গে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ অবস্থায় স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানায়। পরে শার্শা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজী বশির উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। এ হামলার বিষয়ে জানতে অভিযুক্ত আনারুল ও রাজুবদ্দীর স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. তনময় জানান, বশির উদ্দিনের ডান হাত ভেঙে গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বাম পায়ে হাতুড়ির আঘাত এবং ডান পায়ে কেটে যাওয়ায় সেলাই দিতে হয়েছে। তাকে বেদম মারধর করা হয়েছে বলে জানান তিনি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজী বশির উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪