| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীরা পাবে চীন সফরের সুযোগ: চীনা রাষ্ট্রদূত

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ১৬:০৮:২৪:অপরাহ্ন  |  ১৭৫২ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীরা পাবে চীন সফরের সুযোগ: চীনা রাষ্ট্রদূত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভবিষ্যতে আরও বেশি চীনা বিনিয়োগ আসবে এবং চলতি বছরের জুলাই বা আগস্ট মাসের মধ্যে চীনের একটি প্রতিনিধিদল এ জেলা সফর করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে এখানকার শিক্ষার্থীদের জন্য চলতি বা আগামী বছরে চীন সফরের বিশেষ সুযোগ তৈরি করে দেওয়ার ঘোষণাও দেন তিনি।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ‘বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগ’-এর আওতায় স্কুলব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সদর উপজেলার ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৬ হাজার ৩০৮ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

ঠাকুরগাঁওয়ের অর্থনৈতিক সম্ভাবনা ও কৃষিজমির প্রশংসা করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “আমি আসার পথে দেখেছি এখানে অনেক জমি রয়েছে। আপনারা অনেকে চাষাবাদ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমাকে ঠাকুরগাঁও সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। আমি মনে করি, আরও অনেক বিনিয়োগ ঠাকুরগাঁওয়ে আসবে। আমি আজ এখানে একটি প্রতিশ্রুতি দিচ্ছি, চলতি বছরের জুলাই বা আগস্ট মাসে অবশ্যই চীনের একটি প্রতিনিধিদল এখানে আসবে।”

অনুষ্ঠানে উপস্থিত এক শিক্ষার্থীর মেধার প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, “আমি দেখেছি একটি ছেলে অনুষ্ঠানে ইংরেজিতে খুব ভালোভাবে কথা বলেছে। আমি আশা করি, আপনারা চীনা ভাষাতেও সুন্দরভাবে বক্তব্য দিতে পারবেন। আমি বলতে চাই, চলতি বছর বা আগামী বছরে এখানকার শিক্ষার্থীদের নিয়ে চীন সফরের আয়োজন করা হবে। আমি আপনাদের জন্য সেই সুযোগ সৃষ্টি করব। আশা করি, আপনারা সবাই চীন সফরের সুযোগ পাবেন।”

এর আগে বক্তব্যের শুরুতে ঠাকুরগাঁওয়ে আসতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে চীনা রাষ্ট্রদূত বলেন, “আজ আমি খুব খুশি হয়েছি ঠাকুরগাঁওয়ে আসতে পেরে। শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি খুবই আনন্দিত। আমি বলতে চাই, কেন আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদ। তিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করছেন। কয়েক দিন আগে তিনি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে চীন সফর করেছেন। প্রতিবছর আমরা চীনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের জন্য বিভিন্ন সহায়তা প্রদান করব। চলতি বছর আমি ভেবেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সমর্থন জানিয়ে এখানে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করব।”

অনুষ্ঠানে শিশুদের ব্যাপক উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি কখনো ভাবতে পারিনি যে এত শিশু এখানে উপস্থিত হবে। এটি আমার অংশগ্রহণ করা সবচেয়ে বড় অনুষ্ঠান। এতে প্রতিফলিত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের প্রতি আপনাদের ভালোবাসা এবং চীন-বাংলাদেশ বন্ধুত্বের প্রতি সমর্থন। আপনারা জানেন, শিশুরাই একটি দেশের ভবিষ্যৎ। আমি আশা করি, আমাদের এই শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি আপনাদের আরও ভালো মানের শিক্ষা অর্জনে সহায়তা করবে এবং আপনারা চীন-বাংলাদেশের উন্নয়ন ও বন্ধুত্বকে আরও শক্তিশালী করবেন।”

পরিশেষে তিনি সবাইকে চীন-বাংলাদেশ বন্ধুত্বকে সমর্থন করার আহ্বান জানান এবং কোমলমতি শিক্ষার্থীদের মনোযোগসহকারে লেখাপড়া করার পরামর্শ দেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪