| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ০৮:০২:১৩:পূর্বাহ্ন  |  ১৭৭৫৫৪৯ বার পঠিত
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা
ছবির ক্যাপশন: চাকরিচ্যুত বিডিআর সদস্যদের তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ

রিপোর্টার্স২৪ ডেস্ক :

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। সোমবার সকালে রাজধানীর জাতীয় শহীদ মিনার থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দি বিডিআর সদস্যদের সন্তানরা। পরে শাহবাগ থানার সামনে তাদের পদযাত্রা এলে পুলিশের ব্যারিকেডের কারণে তারা এগোতে পারেননি।

‘জাস্টিস ফর বিডিআর’ ব্যানারের অধীনে আয়োজিত এ কর্মসূচিতে বহিষ্কৃত ও কারাবন্দি বিডিআর সদস্যদের পরিবারের পক্ষ থেকে ঘোষণা করা তিন দফা দাবি হলো— পিলখানা হত্যাকাণ্ডের বিচারের পুনর্বিবেচনা; নিরপরাধ কারাবন্দিদের মুক্তি; ও চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহাল।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দাবি, বিডিআর ট্র্যাজেডিকে কেন্দ্র করে বিগত সরকারের আমলে অনেক নিরপরাধ সদস্যকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। দীর্ঘ ১৫ বছরেও তাদের পক্ষে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। বর্তমান অন্তর্বর্তী সরকারও গত ৯ মাসে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। তা ছাড়া তদন্ত কমিশনকে নানা শর্তে সীমাবদ্ধ রাখারও অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিডিআরের এক কারাবন্দি সদস্যের স্ত্রী বলেন, ‘আমার স্বামী কোনো দিন গুলি চালাননি, অথচ বিনা দোষে আজও তিনি কারাগারে। আমরা ন্যায়বিচার চাই, সম্মান চাই।’

যমুনা অভিমুখে পদযাত্রার বিষয়ে পুলিশের রমনা থানার ওসি গোলাম ফারুক সমকালকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আমরা কাজ করছি।’


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪