মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ট্রাকের ধাক্কায় নারী-শিশুসহ আহত ৪মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে বেপরোয়া গতির ঘাতক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ফতেপুর সড়কের কায়েমকাটা মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ইজিবাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকার জলিল শেখের ছেলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম এবং সদর উপজেলার শোলমারি গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী জাহিদা খাতুন। আহত অপর নারী ও শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জাহিদা খাতুনসহ অন্যান্যরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে যাত্রীবাহী ইজিবাইকটি উজলপুরের দিক থেকে মেহেরপুরের দিকে আসছিল। কায়েমকাটা মোড়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং যাত্রীরা রক্তাক্ত অবস্থায় আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। তবে সংঘর্ষে ট্রাকের জ্বালানি ট্যাংকি ক্ষতিগ্রস্ত হয়ে তেল লিকেজ হওয়ায় কিছু দূর যাওয়ার পর উজলপুর কুঠিপাড়া বাজার এলাকায় ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায় চালক।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এবং সেটি থানায় আনার প্রক্রিয়া চলছে। চালক ও মালিককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/ মিতু