নরসিংদী প্রতিনিধি: দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে জেলা পরিষদের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে ইটাখোলা-পুটিয়া বাজার সড়কের মোল্লাকান্দা এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী। উদ্বোধনের সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেব রাশেদ, হিসাবরক্ষক রোমান মিয়াসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, চলতি বর্ষা মৌসুমে পুরো জেলাজুড়ে মোট তিন হাজার ফলজ ও বনজ চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা পরিষদ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
রিপোর্টার্স২৪/ মিতু