| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ রাতে মাঠে নামছে ব্রাজিল

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ১৭:৪৬:২৭:অপরাহ্ন  |  ৫৬২৩ বার পঠিত
আজ রাতে মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৪টায় মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ শক্তিশালী মরক্কো।

ম্যাচটি ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আবহ। রাত জেগে প্রিয় দলের খেলা দেখার প্রস্তুতি নিয়েছেন হাজারো সমর্থক।

রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলিতে উড়ছে ব্রাজিলের পতাকা, অনেক এলাকায় বড় পর্দা ও প্রজেক্টরে খেলা দেখার আয়োজন করা হয়েছে। কেউ বন্ধুদের নিয়ে আড্ডার পরিকল্পনা করছেন, কেউ আবার পরিবারের সঙ্গে খেলা উপভোগ করতে অপেক্ষায়।

সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শুভকামনা, ভবিষ্যদ্বাণী আর চিরচেনা ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মজার খুনসুটি। চার বছর পর আসা এই মহাযজ্ঞে প্রিয় দলের প্রথম ম্যাচকে ঘিরে যেন পুরো পরিবেশই ফুটবল উৎসবে রূপ নিয়েছে।

মুরাদপুরের বাসিন্দা ব্রাজিল সমর্থক সাগর বলেন, “আজ ব্রাজিলের খেলা ঘিরে চারদিকে যেন উৎসবমুখর পরিবেশ। আমরা বন্ধুরা মিলে একটি প্রজেক্টরের ব্যবস্থা করেছি। সেই সঙ্গে কমবেশি খাবারের আয়োজনও থাকবে।”

আরেক সমর্থক রাফসান বলেন, “বিশ্বকাপের মূল আকর্ষণ ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা। আজ রাতে আর্জেন্টিনা-সমর্থক বন্ধুরাও আমাদের সঙ্গে খেলা দেখবে। খেলার মাঝে খুনসুটি হবে, এটাই তো আনন্দ।”

ব্রাজিল সমর্থক ও বেসরকারি চাকরিজীবী সুমন দাস বলেন, “সারারাত জেগে খেলা দেখে পরদিন অফিস করা সত্যিই অনেক কষ্টকর হবে। তারপরও খেলা দেখব। কারণ বিশ্বকাপের এই আয়োজন তো চার বছর পরপর আসে, তাই কোনোভাবেই মিস করা যাবে না। পরিবার নিয়ে খেলা দেখার জন্য ডিস লাইনের সংযোগে যেন সমস্যা না হয়, সেজন্য আগেভাগেই বারবার তাগাদা দিয়ে সেটি ঠিক করিয়েছি।”

ফুটবলপ্রেমীদের মতে, গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে এটি। কারণ দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে এবং উভয় দলের সামনেই রয়েছে বিশ্বকাপে শক্ত অবস্থান তৈরির সুযোগ।

বাংলাদেশ সময় গভীর রাতে ম্যাচ অনুষ্ঠিত হলেও খেলা দেখার প্রস্তুতি নিয়েছেন সমর্থকরা। অনেকেই আগেভাগেই বন্ধু-বান্ধবদের নিয়ে একসঙ্গে খেলা দেখার পরিকল্পনা করেছেন। চায়ের দোকান, ক্লাব ও বিভিন্ন মোড়ে ইতোমধ্যে জমে উঠেছে ম্যাচপূর্ব আলোচনা।

বিজয়নগর এলাকার চায়ের দোকানদার সুরুজ মিয়া বলেন, “আজ সারারাত দোকান খোলা রাখা হবে। কারণ গভীর রাতে খেলা। ফুটবল সমর্থকরা প্রায় সবাই জেগে থাকবে। সকাল থেকেই চায়ের দোকানে বসে ব্রাজিল সমর্থকদের আলাপ-আলোচনা চলছে। মাঝে মাঝে আর্জেন্টিনা সমর্থকরা খোঁচা মেরে কথা বলে যায়। তখন শুরু হয় মজার তর্ক-বিতর্ক।”

আর্জেন্টিনার সমর্থক জাহিদ অপু বলেন, “আমরা বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে খেলতে চাই। আজকের খেলায় তাদের প্রতি মৌন সমর্থন থাকবে। তারা যেন জয় নিয়ে আসে।”

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মতোই রাতের বড় ম্যাচগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, অপরাজেয় বাংলা ও সংলগ্ন মাঠগুলোতে হাজারো ফুটবলপ্রেমী জড়ো হন।

আজকের ব্রাজিলের ম্যাচ উপলক্ষেও প্রজেক্টর ও জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে। সেখানে গোল বা দৃষ্টিনন্দন পাসের মুহূর্তে দর্শকদের উল্লাস এবং সমর্থকদের খুনসুটি পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।

এ ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকার ক্লাব, মাঠ ও পার্কগুলোতে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো জনপ্রিয় দলগুলোর খেলায় গভীর রাতেও স্থানীয় তরুণ ও সমর্থকেরা দলবেঁধে এসব স্থানে ভিড় জমাচ্ছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪