| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রূপগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা, তিন সদস্য আহত

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ০১:৩০:২৬:পূর্বাহ্ন  |  ১৬০৪ বার পঠিত
রূপগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা, তিন সদস্য আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর আনুমানিক ৩টার দিকে ঢাকা মহানগর ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান চালায়। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আবারও তাদের মারধর করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন উপ-পরিদর্শক (এসআই) মামুন মাতব্বর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ। গুরুতর আহত অবস্থায় তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসআই মামুন মাতব্বরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, ডিবির অপর সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে অবস্থান করায় তিনি হামলার শিকার হননি। পরে তিনি তাদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় গিয়ে ঘটনাটি পুলিশকে জানান।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে এবং কারা হামলায় জড়িত তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ডিবি পুলিশের একটি দল সাদা পোশাকে অভিযান চালাতে গিয়ে জনরোষের শিকার হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪