| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, ধাওয়া খেলে পালাল বিএসএফ

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ১৩:৩০:৫০:অপরাহ্ন  |  ৩৪৬ বার পঠিত
শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, ধাওয়া খেলে পালাল বিএসএফ

রিপোর্টার্স২৪ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বিক্ষুব্ধ জনতার ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।

শনিবার (২০ জুন) ভোরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের ১৭৭/২এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকালে চৌকা সীমান্ত দিয়ে ৪ শিশু, ১১ নারী ও ৫ পুরুষসহ মোট ২০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি নজরে আসার পর বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করে।

চৌকা বিওপির হাবিলদার আশরাফ আলী জানান, পুশইনের বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। এ সময় স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে যোগ দেন। পরে সকাল ৯টার দিকে প্রায় ২০ থেকে ২৫ জন বিএসএফ সদস্য পুনরায় ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা সেখান থেকে সরে যায়।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি টহল দলের সতর্ক অবস্থান ও দ্রুত পদক্ষেপের কারণে ২০ জনকে পুশইনের চেষ্টা সফল হতে পারেনি। বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছে। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ঘটনার পর থেকে চৌকা সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪