রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শতাব্দী চাকমা নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি রাঙ্গামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা এবং মৃত রবীচন্দ্র চাকমার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হন শতাব্দী চাকমা। পথে ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রাস্তার পাশে একটি জামগাছ থেকে ফল পাড়ার চেষ্টা করেন তিনি। কাঁচা বাঁশ ব্যবহার করে জাম পাড়তে গিয়ে অসাবধানতাবশত বাঁশটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শওকত আকবর খান বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষিকার মৃত্যু হয়েছিল।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম বলেন, ঘিলাছড়ি এলাকায় জাম পাড়তে গিয়ে একজন শিক্ষিকা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম