স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এমন গল্প রয়েছে, যেখানে একই পরিবারের সদস্যরা ভিন্ন দেশের হয়ে মাঠে নেমেছেন। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপে দেজিরে দুয়ে এবং গুয়েলা দুয়ের গল্পটা কিছুটা হলেও আলাদা।
ছোটবেলা দুই ভাই একইসঙ্গে ফুটবলের প্রশিক্ষণ নিয়েছে। কিন্তু, এবার বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে খেলতে চলেছেন দুই ভিন্ন দেশের হয়ে।
এই গল্পের শুরু প্রায় এক দশক আগে। তখন দেজিরে দুয়ের বয়স মাত্র পাঁচ বছর। ফরাসি ক্লাব রেনের স্কাউটরা তার বড় ভাই গুয়েলা দুয়েকে ট্রায়ালে দেখতে এসেছিলেন। সেই সময় মাঠের ধারে পুরনো একটি বল নিয়ে দেজিরে যে দক্ষতায় কিপি-আপি করছিলেন, তা স্কাউটদের নজর কাড়ে।
ট্রায়াল শেষে রেন ক্লাব দুই ভাইকেই নিজেদের একাডেমিতে নিয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় স্বপ্নপূরণের পথচলা।
রেনের যুব দলে নিজেদের প্রতিভার ছাপ রেখে ধীরে ধীরে সিনিয়র ফুটবলে উঠে আসেন দুই ভাই। ২০২২ সালে রেনের প্রথম দলে অভিষেক হয় দেজিরের। পরের বছর গুয়েলাও সিনিয়র দলে সুযোগ পান।
মজার বিষয় হল, নিজের অভিষেক ম্যাচে তিনি মাঠে নামেন দেজিরের বদলি হিসেবে। সেই ম্যাচে দেজিরে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
রেন-তে সাফল্যের পর দুই ভাইয়ের পথ আলাদা হয়ে যায়। ২০২৪ সালের জুলাইয়ে গুয়েলা যোগ দেন স্ট্রাসবুর্গে। অন্যদিকে, ইউরোপের একাধিক বড় ক্লাবের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা দেজিরে অগাস্টে যোগ দেন প্যারিস সেন্ট-জাঁর্মেই অর্থাৎ পিএসজি-তে। এরপর থেকেই তাদের ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছতে শুরু করে।
ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও দুই ভাই বেছে নিয়েছেন ভিন্ন পথ। ফরাসি মা এবং আইভরিয়ান বাবার সন্তান হওয়ায় তাদের সামনে দুটি দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল। গুয়েলা সিদ্ধান্ত নেন আইভরি কোস্টের হয়ে খেলার। আর দেজিরে বেছে নেন ফ্রান্সকে। বর্তমানে একজন ফ্রান্সের বিশ্বকাপ দলে, অন্যজন আইভরি কোস্টের গুরুত্বপূর্ণ সদস্য।
গুয়েলা ইতিমধ্যেই ফরাসি লিগের অন্যতম সেরা রাইট-ব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত মরশুমে স্ট্রাসবুর্গের অধিনায়কত্বও করেছেন একাধিক ম্যাচে। অন্যদিকে, দেজিরে পিএসজি-র সাফল্যের অন্যতম নায়ক হয়ে উঠেছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুই গোল ও একটি অ্যাসিস্ট করে তিনি ইউরোপিয়ান ফুটবলে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন।
২০২৬ বিশ্বকাপে ফ্রান্সকে অন্যতম শিরোপা দাবিদার হিসেবে দেখা হচ্ছে। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে এবং মাইকেল ওলিসের মতো তারকাদের পাশে দেজিরে দুয়ের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করেছে।
অন্যদিকে, আমাদ দিয়ালো, ইয়ান দিয়োমান্ডে এবং নিকোলাস পেপের মতো ফুটবলারদের নিয়ে আইভরি কোস্টও অঘটন ঘটানোর স্বপ্ন দেখছে। দুই ভাইয়ের এই অনন্য যাত্রা বিশ্বকাপকে আরও রঙিন করে তুলতে চলেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব