| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক উল্টে চালক নিহত, আহত ২

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ১২:৫৮:০৯:অপরাহ্ন  |  ৩৯২ বার পঠিত
দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক উল্টে চালক নিহত, আহত ২

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে চামড়াবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার ও এক ট্যানারি কর্মচারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত চালক মো. সোহেল রানা গাজীপুর জেলার বাসিন্দা। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরও রাত ১টা পর্যন্ত ট্রাকের নিচে চাপা পড়ে থাকা তাঁর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর বাজারের পূর্বপাশের একটি কালভার্টে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

আহতরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা ও ট্যানারি কর্মচারী মো. সোহেল সর্দার এবং ট্রাকের হেলপার মো. মনির হোসেন।

স্থানীয়রা জানান, ঈদের পর স্থানীয় ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে তাঁর শেডে সংরক্ষণ করেন। শনিবার রাতে সেসব চামড়া সাভারের একটি ট্যানারিতে পাঠানোর জন্য ট্রাকে তোলা হয়। ট্রাকটি খলিলপুর বাজারের পূর্বপাশের কালভার্টে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দেবিদ্বার থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

চামড়া ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম বলেন, ট্রাকে প্রায় এক হাজার চামড়া ছিল। দুর্ঘটনার পর চামড়াগুলো সরিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

মুরাদনগর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জসিম উদ্দিন জানান, ট্রাকটি চামড়ায় পুরোপুরি বোঝাই থাকায় উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়েছে। রেকার আনার চেষ্টা করা হলেও রাস্তার পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে আনা সম্ভব হয়নি। স্থানীয়দের সহায়তায় চামড়া নামিয়ে চালকের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। চালক ট্রাকের নিচে চাপা পড়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪