কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-২, ৩ ও ৪ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন বলেছেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক নির্যাতন বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
শনিবার (২০ জুন) রাতে কুমারখালী ডাকবাংলোয় উপজেলা, পৌর ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা ইয়াসমিন বলেন, “আমার নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত ও নির্যাতিত হয়েছে। এখন যদি কোনো প্রশাসন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বা নির্যাতনের চেষ্টা করে, তাহলে তাকে এখানে রাখা হবে না। প্রয়োজনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি আমার দায়িত্ব।”
তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, “আপনারা কারও পক্ষে কাজ করবেন না, জনগণের জন্য কাজ করবেন। কিন্তু বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কুমারখালী-খোকসায় দায়িত্ব পালন করতে হলে জনগণ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।”
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমার নেতাকর্মীরা ২০ বছর নির্যাতিত হয়েছে। এখন আবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও তাদের প্রভাবকে মাথায় তুলে নাচার কোনো সুযোগ নেই।”
বিরোধী রাজনৈতিক শক্তির উদ্দেশে তিনি বলেন, “আমরা বিরোধী দলে থেকেও রাজনীতি করার সুযোগ পাইনি। এখন যারা শান্তিতে আছেন, তারা যেন বিএনপির নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে না তাকান। এমন কিছু হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমি সবসময় সবাইকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ করতে চেয়েছি। কিন্তু সেই সহযোগিতা না পেলে আমাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমি সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে এখানে এসেছি, কারও তোষামোদ করে নয়। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই।”
মতবিনিময় সভায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন