| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৯২ বোতল ফেন্সিডিল মামলায় ১০ বছরের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ১৮:৪২:৫৭:অপরাহ্ন  |  ৬০৯ বার পঠিত
২৯২ বোতল ফেন্সিডিল মামলায়  ১০ বছরের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার রিফুজিপাড়া সীমান্ত থেকে ২৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারের মামলায় মিনারুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলায় মিনারুলের হাজতবাসের সময়কে সাজার অংশ হিসেবে গণনার নির্দেশ দেন আদালত। অপর তিন আসামি আলমগীর হোসেন, রজব আলী ও জোহা আলীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি দিবাগত রাতে গাংনীর রিফুজিপাড়া সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় চারজন পালানোর চেষ্টা করলে মিনারুল ইসলামকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে চারটি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ২৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষ ১১ জন সাক্ষী উপস্থাপন করে।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আসাদুল আযম খোকন এবং মিনারুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. এহান উদ্দীন মনা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪