| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য ডিবির জালে

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ১৮:৫২:২৯:অপরাহ্ন  |  ৫৮৩ বার পঠিত
নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য  ডিবির জালে

নওগাঁ প্রতিনিধি: বয়স্ক নারীদের বিশেষ ধরনের কেমিক্যাল প্রয়োগ করে স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নেওয়া কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২১ জুন) বিকেল ৩টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এর আগে, মামলার সূত্র ধরে শনিবার (২০ জুন) সন্ধ্যায় টাঙ্গাইল জেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার আবু হাসান, বাবু ও সবুজ।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় প্রায় এক সপ্তাহব্যাপী এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

পুলিশ সুপার বলেন, গত কয়েক মাসে নওগাঁ শহরের বিভিন্ন স্থানে একটি সংঘবদ্ধ চক্র বয়স্ক নারীদের টার্গেট করে কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত বিশেষ ধরনের কেমিক্যাল স্কোপোলামিন (Scopolamine) ব্যবহার করে তাদের সম্মোহিত করে স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেয়।

তিনি আরও বলেন, এই কেমিক্যাল কোনোভাবে নাকে প্রয়োগ করা হলে আক্রান্ত ব্যক্তি কিছু সময়ের জন্য স্মৃতিভ্রমে ভুগতে পারেন এবং অপরাধীদের নির্দেশনা অনুযায়ী আচরণ করেন। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা নিজেরাই কানের দুল, স্বর্ণালংকার ও নগদ অর্থ অপরাধীদের হাতে তুলে দেন। এমনকি কেউ কেউ বাসার আলমারি খুলে মূল্যবান জিনিসপত্রও তাদের কাছে হস্তান্তর করেন।

এ ধরনের ঘটনায় নওগাঁ থানায় মোট তিনটি মামলা দায়ের হয়েছে। মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে পুলিশ একাধিকবার নারায়ণগঞ্জে অভিযান চালায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির বিশ্লেষণে জেলা গোয়েন্দা শাখা জানতে পারে, চক্রটির একটি দল টাঙ্গাইলে একই ধরনের অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তাদের মূল চক্র নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় সক্রিয় এবং চক্রটির আট থেকে দশটি গ্রুপ রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে একই কৌশলে অপরাধ সংঘটিত করে থাকে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ, নওগাঁ ও খুলনা জেলায় অন্তত ১০টি অপরাধের সঙ্গে তারা জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চক্রের সদস্যরা প্রথমে একজনকে দিয়ে বয়স্ক নারীর কাছে সাহায্য চাইতে পাঠায়। এরপর আরেকজন এসে কথোপকথন শুরু করে এবং তৃতীয় ব্যক্তি সুযোগ বুঝে ওই নারীর ওপর কেমিক্যাল স্প্রে করে। পরে আক্রান্ত ব্যক্তি সম্মোহিত অবস্থায় নিজের অলংকার ও অর্থ অপরাধীদের হাতে তুলে দেন।

তিনি বলেন, এ ধরনের অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ এবং চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪