| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে আটদিনব্যাপী বিতর্ক উৎসবের সমাপ্তি

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ২১:১৮:৪০:অপরাহ্ন  |  ১৯৯৮ বার পঠিত
নারায়ণগঞ্জে আটদিনব্যাপী বিতর্ক উৎসবের সমাপ্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তাধারা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬০০ শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত আটদিনব্যাপী বিতর্ক উৎসবের পর্দা নেমেছে।

সোমবার (২২ জুন) বিকেলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফাইনাল বিতর্কের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে। এর আগে সকালে অনুষ্ঠিত হয় প্রাথমিক পর্যায়ের ফাইনাল পর্ব।

জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে ‘পরিবেশ রক্ষায় আইন নয়, সচেতনতা প্রয়োজন’—বিষয়ের ওপর পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সদর উপজেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাথমিক পর্যায়ের ফাইনালে কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মর্গ্যান গার্লস স্কুল ও হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় প্রাথমিক বিভাগে চ্যাম্পিয়ন হয় কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিভাগে শিরোপা জেতে মর্গ্যান গার্লস স্কুল।

শিক্ষার্থীদের যুক্তিতর্ক উপস্থাপনার প্রশংসা করে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “আজকের বিতর্কের বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আমরা ক্লাইমেট ভিকটিম। তাই অভিযোজন ও সহনশীলতা নিয়ে আলোচনা যেমন জরুরি, তেমনি আইনের যথাযথ প্রয়োগও প্রয়োজন।”

তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু নিয়ে এ ধরনের বিতর্ক ও সচেতনতা কার্যক্রমের মধ্য দিয়েই ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসবে।

শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। স্কুল, বাসা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়টি তাদের শেখাতে হবে। এসব ছোট ছোট অভ্যাসই বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করতে পারে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজউদ্দিন।

‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় আয়োজিত এ বিতর্ক উৎসবের প্রশংসা করেন অতিথিরা। প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা।

‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৫ জুন এ উৎসবের সূচনা হয়। কর্মশালার মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে টানা ৬০টি বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিতর্ক উৎসব আয়োজনে সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লজিক অব বাংলাদেশ’। মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্য ডেইলি স্টার, একাত্তর টিভি, আরটিভি, বাংলাভিশন ও আমার দেশ।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪