নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ‘সাজিদ জুট মিলস’-এ সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার শরিফুল হক।
তিনি জানান, মামলা দায়েরের পর দ্রুত তদন্ত চালিয়ে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত যানবাহন ও সরঞ্জাম।
পুলিশ জানায়, গত ৩০ মে রাতে লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটী ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলসে ১২ থেকে ১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। এ সময় ডাকাতরা মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ চারজন কর্মচারীকে মারধর করে হাত-পা এবং চোখ-মুখ বেঁধে আটকে রাখে। পরে তারা প্রায় ৮৩ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে ট্রাকে করে পালিয়ে যায়।
এ ঘটনায় জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনার আটঘরিয়া ও সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহতাব মৃধা (৩২), লিটন প্রামাণিক (৪৬), সেলিম হোসেন (৩২), সাদ্দাম হোসেন (৩৫), আব্দুল খালেক (৩৪) এবং সাগর শেখ (২২)।
উদ্ধার করা মালামাল ও সরঞ্জামের মধ্যে রয়েছে ৩০০ কেজি তামার তার, ডাকাতির মালামাল বিক্রির ৫০ হাজার টাকা নগদ, একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ এবং একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যান।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। চক্রটির বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন