| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে নলকূপের পানি পানে ৩২ শিক্ষার্থী অসুস্থ

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ১৯:২৪:০৮:অপরাহ্ন  |  ৩৬৪ বার পঠিত
টাঙ্গাইলে নলকূপের পানি পানে ৩২ শিক্ষার্থী অসুস্থ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ের নলকূপের পানি পান করে ৩২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অসুস্থ দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার মাহমুদনগর ইউনিয়নে ঘটে।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদীর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, মঙ্গলবার সকালে কে বা কারা বিদ্যালয়ের নলকূপে কৃষিজমিতে ব্যবহৃত তরল কীটনাশক বা অন্য কোনো রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি না জেনে শিক্ষার্থীরা ওই পানি পান করলে তারা একে একে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিষক্রিয়ার উপসর্গ নিয়ে ৩২ জন শিক্ষার্থী স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তাদের মধ্যে ২৯ জনকে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থ দুই শিক্ষার্থীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করার পর একে একে অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে শিক্ষকরা তাদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন এক শিক্ষার্থী জানায়, ঝালমুড়ি খাওয়ার পর তারা কয়েকজন বিদ্যালয়ের পাশের টিউবওয়েলের পানি পান করলে বমি শুরু হয়। পরে শিক্ষকরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই শিক্ষার্থী আরও জানায়, সবাই ঝালমুড়ি খায়নি; প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত হয়ে অনেকেই শুধু পানি পান করেছিল।

মাহমুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জজ কামাল বলেন, নলকূপের পানিতে কীটনাশক বা বিষাক্ত কোনো পদার্থ মেশানোর কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। এটি নাশকতার ঘটনা কি না, তা তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করা প্রয়োজন।

নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদীর আহামেদ জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। নলকূপের পাশ থেকে পলিথিনে মোড়ানো সাদা পেস্টজাতীয় একটি পদার্থ উদ্ধার করা হয়েছে। তবে এটি পানিতে মেশানো হয়েছিল কি না, তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদীর বলেন, শিক্ষার্থীদের হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাদের অধিকাংশের অবস্থার উন্নতি হয়েছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, পুলিশ বিদ্যালয় পরিদর্শন করেছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন বলেন, নলকূপের পানিতে কোনো রাসায়নিক পদার্থ মেশানো হয়েছে কি না, তা নিশ্চিত হতে পানির নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪